তিন যাত্রীর পায়ুপথে আড়াই কোটি টাকার সোনা!
তানজিলা ফাহিম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন যাত্রীর পায়ুপথ থেকে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণের পেস্ট উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা দল।
কাস্টমস সূত্রে জানা যায়, গেল শুক্রবার বিমানবন্দরের সি-শিফটের কাস্টমস গোয়েন্দা দলের কাছে গোপন সংবাদ আসে। এ তথ্যের ভিত্তিতে কাস্টমসের গোয়েন্দা দল এয়ারপোর্টে নজরদারি শুরু করে। পরে দুবাই থেকে আসা ইকে ৫৮৪ ফ্লাইটে আসা যাত্রীদের সবচেয়ে বেশি নজরদারিতে রাখা হয়।
ইমিগ্রেশন সম্পন্ন হবার পর তিনজন যাত্রীকে শনাক্ত করে গোয়েন্দা দল। পরে তাঁদেরকে গ্রীন চ্যানেলে আনা হয়। সেখানে হ্যান্ড লাগেজ তল্লাশি করে সবার কাছে দুইটি করে গোল্ডবার পাওয়া যায়। পরে নতুন করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথে স্বর্ণ থাকার কথা স্বীকার করে তাঁরা।
পরে প্রত্যেক যাত্রী পায়ুপথ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের পেস্ট বের করে দেয়। প্রত্যেকের পায়ুপথে প্রায় ১ কেজি ওজনের স্বর্ণের পেস্ট পাওয়া যায়। যার বাজারমূল্য ২ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন সি-শিফটের কাস্টমস গোয়েন্দা দল। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন।
এদিকে গোয়েন্দাদের দাবি, দেশে বছরে স্বর্ণের চাহিদা ১৮ থেকে ২৬ টন। আর আমদানি হয় ৩৬ টন। বিভিন্ন উপায়ে বাংলাদেশে আনা একটি বর অংশই পাচার হয় বলে দাবি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের।
এ ঘটনায় আটকৃত তিনজন যাত্রীর নামে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানা গেছে।









