এতদিন কোথায় ছিলেন ওসি প্রদীপের স্ত্রী চুমকি?
তানজিলা ফাহিম
মেজর সিনহা মোহাম্মদ রাশেদকাণ্ডে অভিযুক্ত টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস। শুধু রাশেদ নয় তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় গড়ারও অভিযোগ রয়েছে। আর সেই সম্পদের একটি বড় অংশ রয়েছে তাঁর স্ত্রী চুমকি কারণের নামে। প্রদীপকে পুলিশ ধরলেও দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী চুমকির খোঁজ মিলছিল না। এর মধ্যে হঠাৎ ২৩ই মে চট্টগ্রাম আদালতে আত্মসমর্পন করেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে এতোদিন কোথায় ছিলেন চুমকি?
মেজর সিনহাকাণ্ডের অভিযোগে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রদীপ কুমার দাসকে ধরে পুলিশ। তখন থেকেই পলাতক ছিলেন তাঁর স্ত্রী চুমকি। প্রদীপ ধরা খাওয়ার পর একবারের জন্যও আদালত প্রাঙ্গনে বা কারাগারে স্বামীকে দেখতে যাননি তিনি। আবার প্রদীপের চট্টগ্রামের বাড়িতেও দেখা মেলেনি তাঁর।
এমনকি চুমকির বাবা দাবি করে আসছিলেন, তাঁর মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। চুমকি কোথায় আছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তখন অনেকে ধারণা করেন চুমকি দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। কিন্তু আদালতে আত্মসমর্পণ করার পর এখন অনেকেই ধারণা করছেন, বিদেশে নয়, পরিবারের কারও সহযোগিতায় এতদিন দেশেই লুকিয়ে ছিলেন চুমকি।
পুলিশের একটি সূত্র বলছে, চুমকি কারণের নামে মৎস্য খামার, বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং বিপুল পরিমাণ কৃষি-অকৃষি জমি রয়েছে। প্রদীপ তাঁর স্ত্রীর নামে ব্যাংকে বিপুল পরিমাণ টাকাও রেখেছেন। আবার বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।









